উত্তরকোণ

রাজশাহীতে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

রাজশাহীতে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

রাজশাহী: রাজশাহী মহানরগীতে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে চোরাই মালসহ গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মতিহার থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ, চারটা গ্যাসের চুলা, ২টি সিলিন্ডার, ২টি বাইসাইকেল, একটি ভ্যানসহ বাসা বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ জাহিদ হাসান (২২), মোঃ ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯), মোঃ শাকিল হোসেন (২৬) ও মোসাঃ সন্ধ্যা খাতুন (১৯)। জাহিদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাঙ্গনপুরের মোঃ হাসিবুল ইসলামের ছেলে, ইমতিয়াজ একই থানার মির্জাপুরের মোঃ আব্দুল হাকিম আলীর ছেলে, শাকিল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে ও সন্ধ্যা খাতুন পবা থানার শিয়ালবেড় নওহাটা এলাকার মোঃ মিন্টু আলীর মেয়ে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরের মোঃ ছালেহুর রহমান বর্তামানে নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। তিনি গত ২৩ ডিসেম্বর রাতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। তার বাড়ির মালিক গত ২৫ ডিসেম্বর তাকে জানায়, তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ছালেহুর রহমান এ ঘটনায় নগরীর মতিহার থানা পুলিশকে অবগত করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার থানা পুলিশ চোরাই মাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে মতিহার থানার এসআই এ,টি,এম আশেকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স গত ১৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকা অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার: