রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুষ্কৃতকারীদের যে দলের পরিচয়ই থাকুক না কেন, সেটা সরকার আমলে নিবে না।’ তিনি জানান, এ হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত হচ্ছে, মালামাল উদ্ধার করা হয়েছে। নয়জন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশের অবহেলা ছিল, সেজন্য শাহআলী থানার ওসিকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল হামলা সম্পর্কিত আলোচিত বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারসাম্যহীন মানুষের অসংলগ্ন কথাবার্তা বলা অভ্যাস। তাদের নয় দলের নয় দফা মানলেই ঠুসঠাস বন্ধ হয়ে যাবে, এতে স্পষ্ট ককটেল বিস্ফোরণের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে।’ সালমান মুক্তাদির বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় মুক্তাদির নামের ওই ব্যক্তি কোনো থানায় কোনো অভিযোগ বা মামলা করেননি। মামলা করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
উত্তরকোণ
রাড্ডা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা: দুষ্কৃতকারীদের রাজনৈতিক পরিচয় আমলে নেবে না সরকার- স্বরাষ্ট্রমন্ত্রী

