উত্তরকোণ

শাজাহানপুরে ঘাষিড়া মাদ্রাসার শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাজাহানপুরে ঘাষিড়া মাদ্রাসার শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ঘাষিড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সহ-সুপার মহসিন আলীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বের জমিজমা বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মহসিন আলীকে স্থানীয় ইয়াকুব আলী সুজন, কাশেম সহ তাদের বাহিনীর লোকজন হাতুড়ি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং একটি পা ভেঙে যায় বলে স্বজনরা জানান। পরে তাকে নিজ বাড়িতে আটকে রাখারও অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। মানববন্ধনে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,ইয়াকুব আলী সুজনসহ অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বাড়িঘর ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগের তদন্তসহ মহসিন আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
পরে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যান। এ ঘটনায় মহসিন আলীর পক্ষ থেকে গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শেয়ার: