স্টাফ রিপোটারঃ বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন, আজিজুল হক কলেজ আমার অহংকার ও গর্বের জায়গা। আমি নিজেও একসময় এই কলেজের ছাত্র হিসেবে ক্লাসে গিয়েছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি। ফলে এই প্রতিষ্ঠানের প্রতি আমার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। বগুড়ার সুযোগ্য সন্তান ও শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান আজিজুল হক কলেজের স্মৃতি স্মরণ করে এটিকে একটি নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সুন্দর করার অংশ হিসেবে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় সরকারি আজিজুল হক কলেজে সংযোগ সড়ক সাইট ডেভেলপমেন্ট সহ মেইন গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। প্রকল্পের বরাদ্দের বিষয়ে তিনি আরও বলেন, পূর্বে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সাড়ে তিন’শ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন দেখা দেওয়ায় তা সংশোধন করে বর্তমানে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। কলেজের সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করে তিনি বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রেজাল্টে আজিজুল হক কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। আগামীতে এই কলেজ প্রথম স্থান অধিকার করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার মিয়া , সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়াসহ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাকিবুল আল-আমিন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: এমপি বাদশা

