উত্তরকোণ

তীব্র যানজট নিরসনে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

তীব্র যানজট নিরসনে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের উলিপুরে তীব্র যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমাতে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি সেবাগ্রহণকারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের যানবাহনের চাপ কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণের বিকল্প নেই। এসময় বক্তব্য রাখেন-উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী, সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা আরও বলেন, উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে শহরের ভেতরের সড়কে যানজট কমবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

শেয়ার: