উত্তরকোণ

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গরু ও মাদক জব্দ

কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গরু ও মাদক জব্দ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় গরু, বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ২৯ ও ৩০ অক্টোবর রাতে ও দিনে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী ঝাউরানী বিওপি, মোগলহাট বিওপি এবং গংগারহাট বিওপি’র আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, একদল চোরাকারবারী সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও মাদকদ্রব্য পাচারের প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা ভারতীয় গরু ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় ফেন্সিডিল ৫১ বোতল (মূল্য ২০,৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (মূল্য ৮,০০০ টাকা), একটি মোটরসাইকেল (মূল্য ১,৩০,০০০ টাকা) এবং ভারতীয় গরু ৮টি (মূল্য ৯,৬০,০০০ টাকা)। সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ৮ হাজার ৪০০ টাকা। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট রবারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সাংবাদিকদের বলেন,“চোরাচালান প্রতিরোধ ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবির এই সাফল্য সীমান্ত নিরাপত্তায় তাদের দৃঢ় অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার: