উত্তরকোণ

সেলফি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সেলফি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে যমুনার বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে পড়ে জুনায়েদ রহমান (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদী থেকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। মৃত জুনায়েদ রহমান শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে ও পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। এর আগে গত শুক্রবার শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মফিজ ইকবাল (১৮), সোলায়মান আলীর ছেলে রওফি হাসান (১৮) ও গোলাম সরোয়ারের ছেলে গোলাম শোয়েবসহ (১৮) জুনায়েদ সেলফি তোলার সময় পানিতে পড়ে গেলে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে। স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় তারা ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় অসাবধানতাবশত জুনায়েদ রহমান নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে আরো তিন বন্ধু পানিতে নামলে তারাও ডুবে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন জুনায়েদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, ‘রাজশাহীর ডুবুরি দল শনিবার এসে তার লাশ উদ্ধার করেছে।’

শেয়ার: