উত্তরকোণ

খালেদা জিয়ার ঘোষিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শাজাহানপুরে মহাসড়কের পাশে মানববন্ধন

খালেদা জিয়ার ঘোষিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শাজাহানপুরে মহাসড়কের পাশে মানববন্ধন
Oplus_131072

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে
উপজেলাবাসি। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাবিদ, পেশাজীবী, ছাত্র প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নামক স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে মর্মে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুই যুগ পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সে ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি।
এতে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী অঞ্চলে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণে অতিরিক্ত ব্যয় বহন করতে বাধ্য হচ্ছে। জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)’র নিকটবর্তী জামালপুর এলাকাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এ এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণা
প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও বগুড়া সফর শেষে ঢাকায় ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। এমতাবস্থায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শাজাহানপুরের জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি তমেজ উদ্দিন, ইসলামী
ব্যক্তিত্ব মাওলানা আব্দুস ছালাম, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ জাফর আলমগীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুবদল সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ
আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র,ব্যবসায়ী বাদশা সরকার,দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দল সভাপতি কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক সুমী আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম প্রমুখ|

শেয়ার: