উত্তরকোণ

ধুনটে অগ্নিকাণ্ডে একদিনেই নিঃস্ব এক পরিবার!

ধুনটে অগ্নিকাণ্ডে একদিনেই নিঃস্ব এক পরিবার!

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে এক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামে সুজন কুমারে বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সকালে পীরহাটি গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে সুজন কুমারের বসতবাড়িদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুজন কুমারের বসতবাড়ির দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।এব্যাপারে সুজন কুমার জানান, হঠাৎ ঘরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমারি, আসবাবপত্র, কাপড়-চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এছাড়া ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখা প্রায় ৩ লাখ টাকা নগদও আগুনে পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।এদিকে অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সুজন কুমারের মা, বৃদ্ধা দাদি ও দুই সন্তান ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা কোনোভাবে ঘর থেকে বের হয়ে নিরাপদে আশ্রয় নিলেও ঘরের ভেতরের মালামাল বের করে আনার সুযোগ পাননি তারা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম দূর্ভোগের মধ্যে পড়েছেন। থাকার মতো ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র ও রান্নার সামগ্রী সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবহার্য সামগ্রী পুড়ে যাওয়ায় নতুন করে ঘর তৈরি কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই তাদের। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার: