নওগাঁ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ-বদলগাছী সড়কের দু’পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় নওগাঁ পৌরসভার বরুনকান্দি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় বর্তমান সরকারের দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের ঘোষণার ধারাবাহিকতায় এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচিতে বন বিভাগের সহকারী রঞ্জার শহিদুল ইসলাম, নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস জামান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, ডাব এর সভাপতি ডাঃ ইসকেন্দার আলী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, এনটিভির সিনিয়র সাংবাদিক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সাংসদ মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের জীবন ও পরিবেশের স্বার্থেই গাছ লাগানো প্রয়োজন। মানুষ এখন অনেক সচেতন। সরকারের উদ্দেশ্য সফল করতে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সবুজ বিপ্লবকে সফল করব। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কার্যক্রম সফল করতে আমাদের সহযোগিতা থাকবে।