আসাদুজ্জামান টিটু, রংপুর: রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ১৫ জন নেতাকর্মী। গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মীসভা শেষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ২ নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর হক প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ কবির এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রভাষক আশরাফুল খান শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরছালিম মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. সামসুল হক সামস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ মিয়া। কর্মীসভার প্রথম অধিবেশনে দলীয় নেতারা বক্তব্য দেন। পরে দ্বিতীয় অধিবেশনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ করেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ৩ হাজার টাকা।
এ সময় তাঁর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল, সাধারণ সম্পাদক মো. সুরুজ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ কবির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম জাহিদ,সদর জাসাস আহবায়ক আসাদুজ্জামান মামুন,মো. সিহাব হোসেন শুভ,সাদেকুল ইসলামসহ মোট ১৫ জন নেতাকর্মী। ফরম সংগ্রহকারীদের আগামী তিন দিনের মধ্যে যথাযথভাবে ফরম পূরণ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে রংপুর সদর উপজেলার মমিনপুর ও সদ্যপুষ্করিণী ইউনিয়নেও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ফরম বিতরণ কার্যক্রম শেষ হলে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার। প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. মাসুদ রানা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করলে ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মীসভায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও পরিচালিত হয়। নতুন সদস্য হতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানান ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উত্তরকোণ
হরিদেবপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন ১৫ জন

