জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।’আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলা মানুষ ভুলতে পারেন না।’ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস ও সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না।’ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনার আহবান জানান তিনি। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের অনুসারীরা এখনো সক্রিয় রয়েছেন অভিযোগ করে তিনি বলেন, ‘সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান ও মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের সহযোগীরা অবস্থান করছেন।’ সরকারকে এসব বিষয়ে সতর্ক হওয়ার আহবান জানান তিনি। তবে জামায়াত সরকারকে ব্যর্থ দেখতে চায় না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘তারা সরকারকে পদত্যাগের আহবান জানাননি। বরং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।’সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বক্তব্যের শুরুতে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানান তিনি। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত অংশগ্রহণের ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য কামাল হোসাইন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব-মিয়া গোলাম পরওয়ার

