উত্তরকোণ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, তিন মাসের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ঘর বিধ্বস্ত, তিন মাসের শিশুর মৃত্যু

ঘোড়াঘাট প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর দুমড়ে-মুচড়ে যাওয়ায়। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার প্রায় ৫০০ গজ পশ্চিমে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০ ঢাকা উত্তরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মোঃ মোহন (২২)-এর বাড়িতে ধাক্কা দেয়। এতে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়। পরে শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চালক এবং ট্রাক পুলিশ হেফাজতে আছে পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার: