উত্তরকোণ

ঘোড়াঘাটে বেলেপাথরের শিলাখণ্ড, একটি কষ্টিপাথর উদ্ধার, আটক ১

ঘোড়াঘাটে বেলেপাথরের শিলাখণ্ড, একটি কষ্টিপাথর উদ্ধার, আটক ১

ঘোড়াঘাট প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের ১৩০ কেজি ওজনের বেলেপাথরের শিলাখণ্ড, একটি কষ্টিপাথর উদ্ধার প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবসতিহীন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা গেছে, বিশ্বস্ত স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘরে কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের নিদর্শন থাকার বিষয়টি নিশ্চিত হয় বিজিবি। পরে ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি টহল দল, যার মধ্যে দুজন নারী সৈনিক ছিলেন, এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।অভিযানে একটি বেলেপাথরের শিলাখণ্ড, একটি ছোট কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে বেলেপাথরের খণ্ডাংশের ওজন ৯০ কেজি, কষ্টিপাথরের খণ্ডাংশের ওজন ২০ কেজি এবং শিবলিঙ্গের খণ্ডাংশের ওজন ২০ কেজি। সব মিলিয়ে উদ্ধার করা নিদর্শনের ওজন ১৩০ কেজি, যার আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা। আটক মো. মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেডিকেল সনদ সংগ্রহের পর তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার: