উত্তরকোণ

রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে আগুন-লাল নিশান

রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে আগুন-লাল নিশান

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে এক রাতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানান ডিপোর নাইট গার্ড ও স্থানীয়রা। এর আগে রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী এলাকায় রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেনটি আটকা পড়ে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ও লাল নিশান সরিয়ে ফেললে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। অন্যদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। পৃথক এসব ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ব্যপারে আরএমপি পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

শেয়ার: