উত্তরকোণ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আগামীকাল ৫০তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আগামীকাল ৫০তম মৃত্যুবার্ষিকী

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আগামীকাল তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও কৃষক-শ্রমিকের অধিকার, অর্থনৈতিক বৈষম্য, গণতন্ত্র, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক অবস্থান নতুন করে আলোচনায় আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা—প্রতিটি পর্যায়েই তিনি ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থানের অধিকারী।  মওলানা ভাসানীর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তাঁর কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করারও নাম। ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তাঁর চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য এবং সাধারণ মানুষের বঞ্চনা তাঁকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশ নেন। জমিদারি শোষণ, সামন্তবাদ এবং কৃষকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বিশেষ করে আসামে বাঙালি কৃষকদের জমি, বসতি ও জীবিকার অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আসামের ‘লাইন প্রথা’র বিরুদ্ধে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। আসামের ভাসানচর এলাকায় তাঁর কৃষক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের সূত্রেই ‘ভাসানী’ নামটি পরিচিত হয়ে ওঠে। বাসস

শেয়ার: