উত্তরকোণ

রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার

রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এর আগে, একই দিন শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন স্ত্রী স্বপ্না আক্তার। এ কারণে তিনি শিশুটিকে হত্যাকাণ্ডে স্বামীকে সহযোগিতা করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করে অপরাধের আলামত নষ্ট করতে লাশ টুকরো করার চেষ্টা করেন। ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। আজ এসব আবেদনের শুনানি শেষ হয়েছে।

শেয়ার: