উত্তরকোণ

নওগাঁ কারাগারে বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ কারাগারে বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জানা যায়, গত বছরের ২০ জুন সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিস্ফোরক ও সহিংসতা মামলায় নওগাঁ কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতাবোধ করলে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, আমিও শুনছি জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল থেকে অফিসিয়াল ভাবে কোনো কাগজ পাওয়া বা জানা যায় নি। তিনি আরও বলেন, এদিন সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে, তাকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠানো হয়। আর জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।

শেয়ার: