যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। দেশটিতে অঙ্গরাজ্যভেদে ভোটগ্রহণ শুরুর ও শেষ হওয়ার সময় আলাদা। ফলে দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু বা শেষ হবে না। দেশটিতে এবার রেকর্ড আগাম ভোট পড়েছে। অন্তত ৫ কোটি ৮৭ লাখ ভোটার আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরুর আগেই আগাম ভোট দিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট) পর্যন্ত মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট জমা পড়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগাম ভোট দেয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আর ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আরও বেশি অঙ্গরাজ্যে আগাম ভোট দেয়ার সুযোগ সম্প্রসারিত হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বসবাস করেন, যেখানে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যাজুড়ে এবং অনেক রাজ্যে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের ফল পাওয়ার জন্য। এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের গুরুত্বপূর্ণ ভোট দিচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সকল ৪৩৫টি আসন, সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি রাজ্যে ভোটাররা গভর্নর নির্বাচিত করতে ভোটাররা ভোট দিচ্ছেন।
উত্তরকোণ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটগ্রহণ চলছে, আগাম ভোট পড়েছে প্রায় ৬ কোটি

