উত্তরকোণ

সিরাজগঞ্জে একই রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি, অচেতন ৩ জন হাসপাতালে

সিরাজগঞ্জে একই রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি, অচেতন ৩ জন হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুই প্রধান শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ সাড়ে ১০ লাখ টাকা, স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করেছে। এ ঘটনায় এক শিক্ষকের পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দুই শিক্ষক হলেন রেদওয়ানুল হক ও গোলাম রব্বানী। রেদওয়ানুল হক জানান, দুর্বৃত্তরা তাঁর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপ নিয়ে যায়। লুট হওয়া টাকার মধ্যে প্রায় ৬ লাখ টাকা ছাত্র জীবন থেকে নতুন টাকা জমানো সঞ্চয় এবং সাড়ে ৩ লাখ টাকা ব্যবসার ছিল। অন্যদিকে, গোলাম রব্বানীর বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অচেতন করতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়েসহ তিনজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর বাড়ি থেকেও প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

শেয়ার: