মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। তাঁর অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে বিভিন্ন সময়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাত পৌনে ৮টায় ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। পাশাপাশি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। এদিন রাত সাড়ে ৮টার দিকে ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে তিনি বলেন, আল্লাহ যেন ভূমিমন্ত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং সুস্থভাবে সবার মাঝে ফিরিয়ে দেন। এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম (মিলু), মোঃ মাইনুল হক (হারু), দিপু সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অসুস্থতার খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে আজ সকালে ভূমি মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উত্তরকোণ
গুরুতর অসুস্থ ভূমিমন্ত্রী মিনু রামেক হাসপাতালে, সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া

