মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কারাবন্দি বাবা ও বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল তাঁর দুই শিশুকন্যা। সেই আবেগঘন আকুতির প্রেক্ষিত ও প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় অবশেষে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁর দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের অন্তত একজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে কারাবন্দি বিএনপি নেতার কারাগারে আইনি সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহ দ্রুত মুক্তির বিষয়ে সর্বাত্মক আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দি এই বিএনপি নেতার পরিবারের পাশে থাকার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই আমি পরিবারটির সার্বিক দায়িত্ব নিয়েছি। তাদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া তাঁর মুক্তির আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব।
কারাবন্দি নেতার কন্যা জারিন তাসনিম রাহি এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আকুতি শুনে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন চাচাকে আমাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছেন। প্রশাসক কথা দিয়েছেন বাবা মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি আমাদের পাশে থাকবেন। ইতোমধ্যেই তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই মানবিক পদক্ষেপ ও রাসিক প্রশাসকের সহযোগিতায় কারাবন্দি নেতা মাহাবুর রশিদ রেন্টুর পরিবার দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে নতুন আশার আলো দেখছে। আইনি সহযোগিতার মাধ্যমে তিনি খুব দ্রুতই কারামুক্ত হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা স্বজনদের।
উত্তরকোণ
কারাবন্দি বিএনপি নেতার কন্যাদের আকুতি: প্রধানমন্ত্রীর নির্দেশে পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

