মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সফর রাজশাহীর জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। তিনি বলেন, রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীর শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাসিক প্রশাসক আরও বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব প্রতিশ্রুতির অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে- রিটন

