উত্তরকোণ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা সিটি প্রশাসকের

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা সিটি প্রশাসকের

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের প্রত্যাশা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরবাসীর মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।
রাসিক প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও চলছে। রাজশাহীর অতীত উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের আগের মেয়াদে নগরীতে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছিল। বর্তমান সরকারের আমলেও নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার: