উত্তরকোণ

বগুড়ায় মোটর শ্রমিকদের পরিবারকে ৬৭ লাখ টাকার অনুদান প্রদান

বগুড়ায় মোটর শ্রমিকদের পরিবারকে ৬৭ লাখ টাকার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টারঃ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে মৃত শ্রমিকদের পরিবার, শ্রমিকদের মেয়ের বিয়ে এবং এক বৃদ্ধ পঙ্গু শ্রমিককে মোট ৬৭ লাখ ৪৭ হাজার ২৯৫ টাকার এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে।সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বগুড়ার ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের সম্মেলনকক্ষে আয়োজিত শ্রমিক সভায় এসব অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। ইউনিয়ন সূত্রে জানা যায়, মৃত ২০৭ জন শ্রমিক সদস্যের পরিবারের প্রত্যেককে ৩০ হাজার ১ টাকা করে মোট ৬২ লাখ ১০ হাজার ২০৭ টাকা দেওয়া হয়। এ ছাড়া ৮৭ জন শ্রমিক সদস্যের মেয়ের শুভবিবাহ উপলক্ষে প্রত্যেককে ৬ হাজার ১ টাকা করে মোট ৫ লাখ ২২ হাজার ৮৭ টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি একজন বৃদ্ধ পঙ্গু শ্রমিক সদস্যকে এককালীন ১৫ হাজার ১ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সব মিলিয়ে ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে মোট ৬৭ লাখ ৪৭ হাজার ২৯৫ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামছু এবং ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পিন্টু।

শেয়ার: