ঘোড়াঘাট প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ৩৬টি পূজামণ্ডপে ২৪৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, পিভিএমের দিকনির্দেশনায় এ নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষে উপজেলার ১টি পৌরসভা চারটি ইউনিয়নে অবস্থিত পূজামণ্ডপগুলোতে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা ২৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন ৯ জন প্লাটুন কমান্ডার (পিসি), ৩৬ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ১৬২ জন পুরুষ ভিডিপি সদস্য এবং ৭২ জন মহিলা সদস্য। উপজেলার ৯টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায়। এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকার কথা জানানো হয়েছে।সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
উত্তরকোণ
ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন

