বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই বাংলাদেশি—নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে ডেকে তার কাছে এ বিষয়ে জানতে চায় মন্ত্রণালয় । সৌদি আরবের মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১৪ অক্টোবর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এ ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তিনি বলেন, ‘দণ্ড কার্যকরের আগে মিশনকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি বা প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো অন্ধকারে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়ার তথ্য জানতে চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
উত্তরকোণ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

