উত্তরকোণ

রংপুরে ৪ হত্যা: আসামির শার্ট ঘিরে নানা প্রশ্ন

রংপুরে ৪ হত্যা: আসামির শার্ট ঘিরে নানা প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার এক আসামির পরিহিত শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়েও একই ধরনের শার্ট দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শনিবার (২২ আগস্ট) মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বাড়িও মাছুয়াপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর তারা একটি ভবনে বসে ইয়াবা সেবন করেছিলেন। এদিকে স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজের লাইভ ভিডিওতে মরদেহ উদ্ধারের দিন রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার পরনে ছিল এমন একটি শার্ট, যা গ্রেপ্তার এক আসামির পরা শার্টের সঙ্গে দেখতে অনেকটা একই রকম। ওই পুলিশ কর্মকর্তার মুখে তখন মাস্ক ছিল। শার্ট নিয়ে আলোচনা তৈরি হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, একই ধরনের শার্ট আলাদা আলাদা মানুষ পরতে পারেন। ফলে শুধু পোশাকের মিলকে কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার দুজনের একজন পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে ছিলেন। পরে তুতবাগানের পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্ধার্থ ও মুগ্ধ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, বৃহস্পতিবার রাতে এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় বসে তারা ইয়াবা সেবন করেন। পরে রাতের শেষ দিকে দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান তারা। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন বলে পুলিশ জানিয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা দায় স্বীকার করায় নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।

শেয়ার: