ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। তিনি বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে এই বৈঠকের পর স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) আকস্মিক এক সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধের চাপের মুখে রয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। আর প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই মূলত তা করছি।’যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এসব মন্তব্য করেন ট্রাম্প। বৈঠকের অগ্রগতিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘আমরা পুরো অঞ্চলের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেয়ার উপায় নিয়ে কথা বলেছি। একটি চুক্তিতে পৌঁছানো এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।’তবে ট্রাম্প স্বীকার করেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখার অর্থ হলো ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখা। পাশাপাশি সম্প্রতি ঘোষণা করা ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে। এই উদ্যোগের লক্ষ্য স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করে দেয়া। ট্রাম্প বলেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতিই বজায় রাখতে চায়। অর্থাৎ, আমরা যেন আগের অবস্থানেই থাকি। অন্যভাবে বললে, আমাদের দেশের ইতিহাসে এবং সম্ভবত বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখতে চায় তারা।’সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ইঙ্গিতও দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, ‘সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।’ট্রাম্প আরও বলেন, ‘ইরানের বিপদ ও হুমকি থেকে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত। আমরা এই সংঘাতের অবসানের দিকে অগ্রগতি দেখতে পাচ্ছি। আমার মনে হয়, খুব শিগগিরই এর সমাপ্তি ঘটবে।’এদিকে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যকে পরিস্থিতি থেকে মনোযোগ সরানোর চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। কিন্তু ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে।’তিনি আরও লেখেন, ‘খেলা থামান। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চেয়েছেন। তিনি এই পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পেজেশকিয়ান আরও বলেছেন, আলোচনার পথ খোলা রাখতে ইরান আগ্রহী। তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না দেশটি। তিনি বলেন, ‘আমরা শক্তি প্রয়োগ ও দাদাগিরির কাছে আত্মসমর্পণ করব না।’গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর তা আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তেল, গ্যাস, সারসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর ওপরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব দেশের মধ্যে রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। এরপর সংঘাতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি লড়াই শুরু হয়। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে সৌদি আরব। অন্যদিকে দক্ষিণ লেবাননে দখলদারত্ব শুরু করে ইসরায়েল। পাশাপাশি দেশটি সেখানে প্রাণঘাতী বিমান হামলাও চালায়। যুদ্ধ শুরুর পর প্রায় ৯ মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বিক্ষিপ্ত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। যেমন সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে ‘সীমিত হামলা’ চালানোর ঘোষণা দেয়। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য—বিশেষ করে এর স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য দেয়ার জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। তবে এরপর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করাকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরছেন তিনি। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, বিদ্যুৎ উৎপাদনসহ বেসামরিক জ্বালানির চাহিদা মেটাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এদিকে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নেয়ার আহ্বান জানিয়ে আসছেন ইরানের কর্মকর্তারা। শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতি এবং ইসরায়েলের লেবাননে হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। এই সংঘাতে মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে অন্যতম কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও তিনি পরিচিত। সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘সংঘাতের অবসান ঘোষণা করে বিষয়টি শেষ করে দিচ্ছেন না কেন?’ জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের বিষয়টিকে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরেন। পাশাপাশি স্বল্পমেয়াদি সমাধানের বদলে ‘দীর্ঘমেয়াদি সমাধানের’ ওপর গুরুত্ব দেন তিনি। ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের বেশ কয়েকটি ঘনিষ্ঠ মিত্র রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’তিনি আরও বলেন, ‘ছয় মাস আগের তুলনায় এখন তারা অনেক বেশি নিরাপদ। কারণ, ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোকে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান এখনো কিছুটা দাদাগিরি দেখাচ্ছে।’
উত্তরকোণ
ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের

