নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার পাশাপাশি স্বচ্ছতা ও নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। বর্তমানে উপজেলার পাঁচটি ইউনিয়নে পুরোদমে চলছে তথ্য সংগ্রহের কাজ। এ কার্যক্রমে ৮ জন সুপারভাইজার ও ৭৪ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ৮২ জন দায়িত্ব পালন করছেন। তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে, সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ তদারকি করছেন। সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সঠিকভাবে নথিভুক্ত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো প্রকৃত নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করে সহায়তার আওতায় নিয়ে আসা। এ ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে ঘিরে স্থানীয় নিম্নআয়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তাঁদের আশা, এ কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে যেসব পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উত্তরকোণ
নন্দীগ্রামে ৫টি ইউনিয়ন ও পৌরসভায় পুরোদমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে

