মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অপরিকল্পিত ভাবে নির্মাণ করা ক্রসড্যাম এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, বর্ষার পানি ধরে রেখে শুস্ক মৌসুমে সেচ দেয়ার উদ্দেশ্যে বসনা খাড়ির বসনা ব্রীজ ও খরপা ব্রীজ সংলগ্ন স্থানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দুই বছর আগে দুটি ক্রসড্যাম নির্মান করে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এ ক্রসড্যাম নির্মানের পর থেকেই বসনা খাড়ি দিয়ে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্থ হচ্ছে এবং বর্ষা মৌসুমে উপজেলার সদর ইউয়িন ও এনায়েতপুর ইউনিয়নের কয়েকটি মাঠের ফসল পানিতে তলিয়ে যায়। কৃষকরা জানান ,আগে এসব মাঠের অতিরিক্ত পানি বসনা খাড়ি দিয়ে তাউল বিলে গিয়ে পড়তো । এতে এসব মাঠে ফসল চাষে কোন সমস্যা হতো না । এ ক্রসড্যাম দ্রুত সরিয়ে এসব মাঠের শত শত একর জমির ফসল রক্ষার দাবী জানিয়েছেন কৃষকরা । হাসানপুর গ্রামের কৃষক ইউনুসুর রহমান হেবজুল বলেন, ওই ড্যাম নির্মানের পর থেকে জলাবদ্ধতার কারনে এলাকার শতশত বিঘা জমির আউশ ও রোপা অমন ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় প্রবীন ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত ওই দুটি ক্রসড্যামে কৃষকের উপকারের চেয়ে ক্ষতিই হচ্চে বেশি। এ ক্রসড্যামের কারনে গত কয়েকদিনে মহাদেবপুর সদর ও এনায়েতপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার হেক্টর জমির রোপা আউশ ও রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে বলেও অভিযোগ করেন কৃষকরা। এ ব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো: হারুনুর রশিদ হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ক্রসড্যামের কারনে নয়, অতি বৃষ্টির কারনে অন্যান্য এলাকার মত ওই এলাকারও ফসল পানির নিচে তলিয়ে গেছে, বৃষ্টি বন্ধ হলেই দ্রুত পানি নেমে যাবে ফসলের তেমন ক্ষতি হবে না ।
উত্তরকোণ
মহাদেবপুরে অপরিকল্পিত ক্রসড্যাম এখন কৃষকের গলার কাঁটা !

