জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেল এবং তালা ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। ২৯ জুন জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল ইসলাম (২৪) ও মো: নাদিম (২৫) নামের দুইজনকে একটি কালো রঙের ডিসকোভার ১১০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুরগাছী গ্রামে অভিযান চালিয়ে সোহেল নামের অপর এক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস এ্যাপাছি ১৫০ সিসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি লোহার টি আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি পেনাল কোড মামলা (মামলা নং-৪৪) রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উত্তরকোণ
জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২টি মোটরসাইকেল উদ্ধার

