জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাস চাপায় এক যুবক মৃত্যুর ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়া বাড়ী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ইমন হোসেন। সে জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। জানা গেছে-জয়পুুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাস স্ট্যান্ডে যাচ্ছিল জেড প্লাস নামে একটি পরিবহন। পথিমধ্যে কাশিয়া বাড়ী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। পরে এক আরোহী চলন্ত বাসের ভেতরে ঢুকে গেলে বাসটি না দাঁড়িয়ে চলে যেতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা বাসটিকে আটকে দিলে যাত্রীরা নিরাপদে নেমে পড়েন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসের ভিতরে আগুন ধরে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরকোণ
জয়পুরহাটে বাসের চাপায় একজন নিহত, গাড়িতে আগুন

