স্টাফ রিপোর্টারঃ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। রোববার (২১ জুন) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী অংশ নেন। মানববন্ধন থেকে আলু সংরক্ষণ খরচ কমিয়ে কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছামিউল ইসলাম লিছান বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকদের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সঙ্গে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া কৃষকদের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে মৌসুমেই কম দামে আলু বিক্রি করছেন এবং ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ করতে হবে।” বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি পাওয়ায় আলু উৎপাদন ও সংরক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে। এতে একদিকে কৃষক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বাজারে আলুর মূল্যও অস্থির হয়ে উঠছে। তারা দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ করে কৃষকদের স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। এ সময় আলু সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আরও কৃষকবান্ধব করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দাবি জানানো হয়। একই সঙ্গে যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি সোহারাব হোসেন রাতুল, ক্যাশিয়ার বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কাশেম, মিল্লাত আসিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

