জয়পুরহাট প্রতিনিধি: যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘চাকরি মেলা। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ থেকে দিনব্যাপী জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় ও দেশের শীর্ষ স্থানীয় ৩২টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। সরাসরি ইন্টারভিউ এবং সিভি জমার মাধ্যমে তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তরুণের স্বপ্ন আর কর্মসংস্থানের নতুন মেলবন্ধন। এই দুইয়ে জয়পুরহাট পৌর-কমিউনিটি সেন্টারে বসেছিল তরুণ-তরুণী ও চাকরি দাতাদের এই মিলন মেলা। পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট বা জেআরডিএম-এর রেইজ প্রকল্পের আওতায় আয়োজিত হয় এই বিশেষ ‘চাকরি মেলা। মেলায় ব্যাংকিং, এনজিও, তথ্যপ্রযুক্তি, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও কারিগরি খাতসহ ১৩টি ভিন্ন ট্রেডের ৩২টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রত্যাশীরা সরাসরি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, জীবনবৃত্তান্ত জমা এবং তাৎক্ষণিক ইন্টারভিউ দেওয়ার দারুণ সুযোগ পান। শুধু চাকরিই নয়, মেলায় ক্যারিয়ার গাইডলাইন, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ সেশনও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকেরা জানান, মেলায় ১৮৯ জন শিক্ষানবিশসহ মোট ৭৯৪ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। রেইজ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৯৩১ জন শিক্ষানবিশ ও অন্যান্য চাকরিপ্রত্যাশী স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এছাড়া মেলা থেকে তাৎক্ষণিকভাবে ১০ জনকে প্রশিক্ষণের জন্য বিবেচনা করা হয় এবং ৩৫ জন তরুণ স্ব-কর্মসংস্থানের সুযোগ পান। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেআরডিএম এর নির্বাহী পরিচালক মোছা: রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকছুদুল কবীর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের দক্ষ হওয়ার এবং এই ধরনের সুযোগকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
উত্তরকোণ
জয়পুরহাটে হয়ে গেলো চাকরী মেলা

