উত্তরকোণ

ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি:  ইসলামী ব্যাংক রক্ষা এবং ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুন) সকাল ১০ টায় জয়পুরহাট ইসলামী ব্যাংক শাখার সামনে সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের সাধারণ গ্রাহকরা জয়পুরহাট প্রধান সড়কের পাশে ইসলামী ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে মানববন্ধনে মানুষের উপস্থিতি ব্যাপক আকার ধারণ করে।  মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন- ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই ব্যাংকটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে ঢাকার মতিঝিলে নিজেদের আমানতের সুরক্ষার দাবিতে জড়ো হওয়া সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও ন্যাক্কারজনক ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

শেয়ার: