উত্তরকোণ

মহাদেবপুরে বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা

মহাদেবপুরে বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে মাঠে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ পড়ে আছে পাকা ধান। প্রতি বছর ধান কাটার সময় শ্রমিক সংকট দেখা দিলেও এবার ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে । অন্যান্য বছর ধান কাটার সময় আবহাওয়া শুষ্ক থাকলেও এবার ধান কাটা মৌসুম শুরুর পর থেকেই বৈরী আবহাওয় বিরাজ করছে। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। এতে কৃষকের দুর্দশা আরো বেড়েছে। বৈরী আবহাওয়ার কারনে কৃষি বিভাগ থেকে দ্রুত ধান কাটার পরামর্শ দেয়া হলেও শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেননা কৃষকরা। সংকটের সুযোগ নিয়ে চড়া মজুরী নিচ্ছেন ধান কাটা শ্রমিকরা। এতে ধান কাটার খরচ বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এবার এক বিঘা(৩৩শতক) জমির ধান কাটতে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা দিতে হচ্ছে ধান কাটা শ্রমিকদের। তবুও মিলছেনা শ্রমিক। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, ধানের আবাদ ভালো হয়েছে তবে ধান কাটা শ্রমিক নিয়ে সংকটে পড়েছেন তিনি, শ্রমিকের অভাবে মাঠের পাকা ধান কাটতে পারছেন না। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, প্রতি বছরই বোরো ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয় তবে এবছর বৈরী আবহাওয়ার কারনে এ সংকট আরো তীব্র হয়েছে, এ অবস্থা থেকে কৃষকদের রক্ষার জন্য সরকারীভাবে হারভেষ্টার ক্রয় করতে হবে এবং ভাড়ায় সেটি দিয়ে কৃষকের ধান কেটে দিতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় চলতি মৌসুমে ২৮হাজার ৩শ৪৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এ লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়েছে। উপজেলা কৃষি আফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, একই সময়ে সব এলাকায় ধান কাটা শুরু হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে।

শেয়ার: