উত্তরকোণ

মহাদেবপুরে বোরো কাটা শুরু নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

মহাদেবপুরে বোরো কাটা শুরু নায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সীমান্তবর্তী ছাতরা বিলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান কাটা ও ঘরে তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে ধানের ফলন ভালো হলেও নায্য দাম প্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। গত বছরের চেয়ে ধানের উৎপাদন খরচ বাড়লেও কমেছে দাম। উপজেলার গাহলী , ছাতুনতলি, রাইগাঁ সহ বিভিন্ন মোকামে খোজঁ নিয়ে জানা গেছে আগাম জাতের জিরা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০টাকা মণ দরে। গত বছর এই সময় প্রতিমন ধান বিক্রি হয়েছে ১৩শ টাকায়।পুরোদমে কাটা মাড়াই শুরু হলে এ দাম আরো কমে যেতে পারে বলে শংঙ্কা করছেন কৃষকরা। খাজুর গ্রামের কৃষক মো: ফারুক হোসেন জানান, সেচ চার্জ ও কৃষি উপকরনের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের চেয়ে এবার ধানের উৎপাদন খরচ বেড়েছে কিন্ত দাম কমেছে, বর্তমান বাজার দরে ধান বিক্রি করে লাভ তো দুরের কথা উৎপাদন খরচই উঠবেনা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, ধানের ফলন ভালো হয়েছে তবে ধানের দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, ধানের নায্য মূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যে সরকারীভাবে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান কিনতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় চলতি মৌসুমে ২৮হাজার ৩শ৪৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং লক্ষমাত্রা পুরোপুরি অর্জিত হয়েছে। উপজেলা কৃষি আফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, সঠিক পরিচর্চা ও আবহাওয়া অনুকুল থাকায় এবার বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

শেয়ার: