ক্ষেতলাল ( জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় একের পর এক গভীর নলকূপের মেইন সুইচের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে নলকূপের মেইন সুইচ (স্টার্টার) থেকে মোটর পর্যন্ত ব্যবহৃত তামার তারগুলোই টার্গেট করছে একটি সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণত গভীর নলকূপে ভারী লোড বহনের জন্য ৪টি তামার তার (ফেজ, নিউট্রাল ও আর্থিং) ব্যবহার করা হয়, যা পিভিসি (PVC) ইনসুলেটেড থাকে। এসব তারের বাজার মূল্য অনেক বেশী। প্রতিটি গভীর নলকূপে ৪০ থেকে ৪৫ ফিট এ ধরনের তামার তার থাকে। যার প্রতি ফিটের বাজার মূল্য ১২০ টাকা । দাম বেশি হওয়ায় চোরচক্র রাতের আঁধারে নলকূপে ঢুকে তারগুলো কেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে পাহারাদার বাড়ি থেকে যাওয়ার আগেই তারগুলো চুরি হচ্ছে।
গত কয়েক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক নলকূপে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষক ও নলকূপ মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এতে করে নলকূপের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে,
ভুক্তভোগী একজন নলকূপ মালিক গোলাম মহিউদ্দীন বলেন, “ আমার দুই দফা রাতের অন্ধকারে কখন এসে তার কেটে নিয়ে গেছে বুঝতেই পারিনি । নতুন করে তার লাগাতে ৪/৫ হাজার টাকা খরচ হচ্ছে।” আরেকজন মালিক মোস্তফা জানান, আমার গভীর নলকুপেও একইভাবে চুরি হয়েছে “এভাবে চলতে থাকলে আমরা নলকূপ চালানোই বন্ধ করে দিতে বাধ্য হবো। এতে কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।” এদিকে স্থানীয়দের অভিযোগ, একাধিক ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন , “আমি এই থানায় নতুন এসেছি।মিটার ও ট্রান্সফরমার চুরির কথা শুনেছি তবে , মেইন সুইস এর তার চুরি এটি চোরদের একটি নতুন আইডিয়া। আপনার মুখেই প্রথম শুনছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি তবে আমার মনে হয় এগুলো স্থানীয় বখাটে মাদকসেবী চোর চক্র করে থাকতে পারে”। পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক মাহমুদুল হাসান বলেন,নলকূপ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্থানীয় পাহারার ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধি করলে এ ধরনের চুরি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
উত্তরকোণ
ক্ষেতলালে গভীর নলকূপের মেইন সুইজের তামার বৈদ্যুতিক তার চুরি—চরম উদ্বেগে মালিকরা

