মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চৈত্রের তাপদাহসহ ভ্যাবসা গরমে শীতল বাতাসে শরীর ঠান্ডা করতে তালপাতার তৈরী হাতপাখার চাহিদা বাড়ছে। সারা বছর এ পাখা তৈরী ও বিক্রি গরমকালে এ পাখার চাহিদা বাড়ে। চাহিদা বাড়ায় পাখা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন পাখা তৈরীর নারী ও পুরুষ কারিগররা। উপজেলা সদর থেকে প্রায় ৭ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে অবস্থিত উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রাম। এ গ্রামটিকেই এখন সবাই চেনে পাখা গ্রাম হিসাবে। এ গ্রামের প্রবেশ মুখেই বসবাস করে প্রায় ৮০ টি পরিবার। এ ৮০ টি পরিবারের প্রায় সবাই তালপাতার হাতপাখা তৈরি ও বিক্রির সাথে জড়িত। এক কথায় এই ৮০টি পরিবারের ৬শতাধিক সদস্যের জীবন জীবিকা বাঁধা পড়েছে তালপাতার হাতপাখায়। সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, প্রতিটি বাড়িতেই চলছে পাখা তৈরির কাজ। বাড়ির মেয়েরা ব্যস্ত পাখা তৈরির কাজে। পাখা তৈরি ও সুতা দিয়ে বাঁধার কাজটি মূলত বাড়ির মেয়েরাই করে থাকেন। পাখা তৈরির জন্য তালের পাতা সংগ্রহ, পাতা ছাঁটাই ও তৈরি পাখা বিক্রির দায়িত্ব পালন করে থাকেন বাড়ির পুরুষ সদস্যরা। গ্রামে ঢুকতেই দেখা যায় পাখার কারিগর মনিরা, সীমাসহ কয়েকজন নিবিষ্ট চিত্তে পাখা তৈরি করছেন। তালের পাতা কাটা ও ছাটাই থেকে শুরু করে কয়েক ধাপে শেষ হয় পাখা তৈরির কাজ। পাখা তৈরির শেষ ধাপে রয়েছে সুতা দিয়ে বাঁধাই। একজন নারী কারিগর প্রতিদিন ১০০ থেকে ১২০ টি পাখা বাঁধাই করতে পারেন। এ থেকে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা আয় হয়। পাখার কারিগররা জানান, একটি পাখা তৈরি করতে ২০ থেকে ২৫ টাকা খরচ হয়। সেই পাখা ৪০ থেকে ৫০ টাকায় তারা মহাজনদের কাছে বিক্রি করে দেন। মহাজনরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে এই পাখা গুলো সরবরাহ করে থাকেন। এমনকি দেশের গুন্ডি পেরিয়ে মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশের সৌখিন মানুষদের কাছেও প্রাকৃতিক উপাদানে তৈরী এ পাখার ব্যাপক চাহিদা রয়েছে বলে মহাজনরা জানান। পাখার কারিগর মনিরা বলেন মুলধনের অভাবে বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে লোন নিয়ে পাখা তৈরীর সুতা ও রং কিনতে হয়। সরকারী ভাবে সহজ শর্তে তাদেরকে লোন দেয়ার দাবী জানান তিনি। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, পাখা তৈরীর সাথে জড়িত নারীরা যোগাযোগ করলে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে লোন সহ সব ধরনের সহযোগিতা করা হবে।
উত্তরকোণ
মহাদেবপুরে তাল পাতার হাত পাখা তৈরীতে ব্যস্ত কারিগররা

