উত্তরকোণ

মহাদেবপুরে লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে ব্যবসায়ীরা

মহাদেবপুরে লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে ব্যবসায়ীরা

আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে অধিক লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাজারে এখন আলুর যে দাম তাতে লাভ তো দুরের কথা প্রতি বস্তা আলুতে ৫শ থেকে ৬শ টাকা লোকসান হচ্ছে । মৌসুমের শেষ দিকে এসেও আলুর এ দরপতনে হতাশ হয়ে পড়েছেন আলু মজুতকারী ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার উপজেলা সদরের আলুর পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, জাতভেদে প্রতিমণ আলু ৪শ টাকা থেকে ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী বাজারের আলু বিক্রেতা হায়দার আলী জানান, এবার মৌসুমের শুরুতেই বর্তমান বাজারের চেয়ে আলুর দাম একটু বেশি ছিল তখন ৭শ থেকে ৮শ টাকা মণ পযর্ন্ত আলু বিক্রি হয়েছে । আলু পচনশীল সবজি হওয়ায় কৃষকরা বাড়িতে বেশি আলু সংরক্ষন করতে পারেন না । মৌসুমের শুরুতেই তারা খাবার ও বীজের জন্য বাড়িতে অল্প পরিমান আলু রেখে সব আলু বিক্রি করে দেন । ব্যবসায়ীরা সেই আলু কিনে হিমাগারে সংরক্ষন করেন এবং হিমাগার থেকে সারা বছর বিক্রি করেন । এতে সারা বছর বাজারে আলুর সরবরাহ ঠিক তাকে এবং ব্যবসায়ীরাও লাভবান হন । কিন্তু এবার চিত্র ভিন্ন । আলুর দাম অস্বাভিক ভাবে কমে যাওয়ায় লোকসান গুণছেন ব্যবসায়ীরা । উপজেলার ভীমপুরে ফয়েজ উদ্দিন কোল্ড ষ্টোরেজে কথা হয় আলু ব্যবসায়ী জোত বাজার গ্রামের রুবেল হোসেনের সাথে তিনি এ প্রতিবেদককে জানান , তিনি এবার ১৬শ বস্তা আলু হিমাগারে রেখেছেন । আলুর দাম শেষ পযর্ন্ত এরকম থাকলে তার ৭ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা লোকসান হবে বলেও জানান তিনি । উপজেলার একমাত্র হিমাগার ফয়েজ উদ্দিন কোল্ড ষ্টোরেজের অফিস সহকারী সাঈদ হোসেন জানান ,এই কোল্ড ষ্টোরেজের ধারণ ক্ষমতা ১লাখ ৫০ হাজার বস্তা , মৌসুমের শুরুতেই এটিতে ধারণ ক্ষমতা অনুযায়ী আলু তোলা হয়েছে অন্যন্য বছর এসময় অর্ধেক আলু বের হয়ে যায় এবার দাম কম থাকায় হিমাগার থেকে ব্যবসায়ীরা আলু তুলছেন না । জানা গেছে , গত বছর আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবার অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে এবার আলুর আবাদ হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এ উপজেলায় চলতি মৌসুমে ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হয়েছে । উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, এবার আলুর উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে।

শেয়ার: