উত্তরকোণ

বদলগাছীতে অবৈধভাবে মজুদ করায় ৫শত বস্তা চাল জব্দ

বদলগাছীতে অবৈধভাবে মজুদ করায় ৫শত বস্তা চাল জব্দ

মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে ৫শত বস্তা আতপ চাল জব্দ করে তা থানা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন। জানা যায়, বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারের কীটনাশক ও সার ব্যবসায়ী জনৈক নজরুল ইসলামের পুত্র শিবলু হোসেন কীটনাশক ব্যবসার আড়ালে তার শশুর জাহিদুল ইসলাম এর বাড়িতে চাল মজুদের ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন সঙ্গীয় ফোর্স সহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান কে সাথে নিয়ে উক্ত জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালালে তাদের ঘরে অবৈধ ভাবে মজুদকৃত ৫ শত বস্তা চাল দেখতে পান। এসময় মজুদের কাগজপত্র দেখতে চাইলে শিবলু কোন কাগজপত্র কিংবা কোন লাইসেন্স দেখাতে পারে নাই এবং কোন সদুত্তর দিতে পারেন নাই। সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন চালগুলো জব্দের নির্দেশ দেন এবং নিয়মিত মামলা রুজুর আদেশ প্রদান করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান বলেন, শিবলু হোসেন দীর্ঘদিন ধরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ ভাবে চাল মজুদ করে স্থানীয় বাজারে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করে মোটা অংকের মুনাফা হাতিয়ে নিয়ে আসছিলো। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। চালগুলে সিলগালা করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ শিবলুর মতো অসাধু ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণের নামে এই ধরনের অপকর্ম দীর্ঘদিন ধরে করে আসছে। তাদের সকলেরই উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

শেয়ার: