আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁর মহাদেবপুরে চালের দাম আরো বেড়েছে ।চালের দাম নিয়ন্ত্রনে প্রশাসনের মজুত বিরোধী অভিযানের কোন প্রভাব নেই বাজারে। অভিযানের পরও কমেনি চালের দাম বরং আরো উর্দ্ধমুখী হয়েছে। বৃহৎ এ মোকামে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে। খাদ্য বিভাগের তথ্য মতে, ঢাকায় চালের চাহিদার প্রায় ৩০ ভাগ সরবরাহ করা হয় নওগাঁ জেলা থেকে আর নওগাঁ জেলার সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় মহাদেবপুর উপজেলায়। এ উপজেলায় কয়েকটি অটো রাইচ মিলসহ বৃহৎ কয়েকটি কর্পোরেট হাউস চাল উদপাদন করছে। রাইচমিল গুলোর মধ্যে বড় বড় কয়েকটি রাইচ মিল দিনে ৫ থেকে ১০ হাজার মের্ট্রিকটন চাল উৎপাদন করে। তবুও চালের সরবরাহ ঘাটতি দেখিয়ে ইচ্ছে মত দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। দ্রব্য মূল্যের উর্দ্ধগতির বাজারে চালের এ অযৌক্তিক দাম বৃদ্ধির কারনে বাজারে চাল কিনতে গিয়ে নাভিস্বাস উঠছে স্বল্প আয়ের ক্রেতাদের। শিবরামপুর গ্রামের প্রবীণ ব্যাক্তি আজিম উদ্দিন বলেন , এর আগে কখনো কোন পরিসিÍতিতেই চালের দাম এত বাড়েনি ।স্থানীয় ব্যবসায়ীরা চালের এ দাম বৃদ্ধির জন্য বড় কর্পোরেট হাউসগুলোকে দায়ী করছেন । তারা বলছেন ,আগে এ উপজেলায় তিন শতাধিক রাইচ মিল ছিল । বড় কর্পোরেট হাউসগুলোর সাথে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে সেগুলোর বেশির ভাগই বন্ধ হয়ে গেছে । ছোট ছোট রাইচ মিলগুলো বন্ধ হওয়ায় বড় কর্পোরেট হাউসগুলো সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন।আবার কোন কোন কর্পোরেট হাউস অধিক মুনাফার লোভে শত শত মণ ধান-চাল মজুত করেছেন এতে চালের দাম নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে । এদিকে চালের দাম নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাইচ মিলগুলোতে মজুত বিরোধী অভিযান চালাচ্ছেন। গত রবিবার উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুরে নাহার এগ্রো ও হাট চকগৌরীর ডিএম অটো রাইস মিলে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় নাহার এগ্রোতে অবৈধভাবে ১০০০ মেট্রিক টন চাউল ও ২১০ মেট্রিক টন ধান মজুদ রাখার দায়ে ২০ হাজার টাকা ও ডিএম অটো রাইসমিলে ১২০০ মেট্রিক টন ধান ও ২৩২ মেট্রিক টন চাউল অবৈধ মজুদ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি উভয় মিলের ২ ম্যানেজারকে ৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয় ।ৃ.গত বুধবার উপজেলার নওহাটা মোড় ও হাট চকগৌরীতে ৬টি প্রতিষ্ঠানে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ । এ সময় অবৈধভাবে ধান চাল মজুদ রাখা সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুলসুম রাইস মিলের ৫০হাজার, মিলন ট্রেডাসের ৫০হাজার ,লাইলি রাইস মিলের ১ লাখ ,রাকিব রাইস মিলের ২লাখ ,জিহাদ রাইস মিলের ১লাখ ,ও এসিআই ফুডের ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন । তবে এসব অভিযানেও স্বস্তি ফিরে আসেনি চালের বাজারে । দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে চালের দাম আরো বেড়েছে । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন দাবী করেন চলের দাম কমেছে ,তবে কত কমেছে বা কি দামে চাল বিক্রি হচ্ছে তা তিনি বলতে পারেননি ।গতকাল সোমবার স্থানীয় মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, ১ সপ্তাহ আগের ৫৩ টাকা কেজির স্বর্ণা- চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। একই ভাবে ৬৫ টাকা কেজির জিরাশাইল ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ৬৫ টাকা কেজির কাটারীভোগ কেজিতে ৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৫৫ টাকা কেজির বিআর-২৮চালে ৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বোরোর ভরা মৌসুমে এ মোকামে চালের দাম বৃদ্ধির বিষয়ে উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সভাপতি আলহ¦াজ আব্দুল জব্বার বলেন, বাজারে এখন প্রতি মণ জিরাশাইল ধানের দাম ১৬ শ ৫০ টাকা ১৬শ ৮০ টাকা , এ দামে ধান কিনে ৭০ টাকা কেজির নিচে চাল বিক্রি করা সম্ভব নয় । চাউল কল মালিক গ্রুপের আহবায়ক সামসুল আলম বাচ্চু বলেন,ভ্রাম্যমান আদালত দিয়ে এভাবে মিলারদের জরিমানা করলে তারা চাল উতপাদন বন্ধ করে দিবে, এতে চালের বাজার আরো অসিÍর হয়ে উঠবে । কনজ্যুমার এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, এ এলাকার কৃষকরা ধান কাটার পরপরই বিক্রি করেন । মৌসুমী ব্যবসায়ীরা সেই ধান মজুত করে অধিক মুনাফায় মিলারদের কাছে বিক্রি করেন । এই মধ্যস্বত্বভুগীদের কারনে ধানের দাম বাড়ে। এতে চালের দামও বেড়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন নানা উদ্যোগ গ্রহন করেছে, মজুত বিরোধী অভিযান পরিচালনা সহ প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে ।
উত্তরকোণ
মজুত বিরোধী অভিযানের প্রভাব নেই বাজারে মহাদেবপুরে চালের দাম আরো বেড়েছে

