স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ফল ব্যবসায়ী ও বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় রেহেনা ফলমন্ডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেহেনা ফলমন্ডির সকল ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরফানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের নৃশংস হামলা অত্যন্ত নিন্দনীয়। শফিকুল ইসলাম আরফানকে হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ফল ব্যবসায়ী আজমল, রাসেল, লাইজু, আতোয়ার, জিহাদ, হৃদয় ও রনিসহ রেহেনা ফলমন্ডির অন্যান্য ব্যবসায়ী। উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরফানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উত্তরকোণ
বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

