মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সুবিধার্থে এবার দুটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী শিক্ষার্থীরা রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস (সিটপ্ল্যান) এবং ফল প্রকাশের তারিখসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে। ক ও খÑউভয় গ্রুপের প্রার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ পরীক্ষার পূর্ণমান ৪০০।
তবে খ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত এমসিকিউ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন (ফ্রিহ্যান্ড ড্রয়িং) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (ভিজ্যুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স) পরীক্ষায় অংশ নিতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রুয়েটের ওয়েবসাইট [www.admission.ruet.ac.bd](http://www.admission.ruet.ac.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরকোণ
রুয়েট ও বুয়েটে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা, আবেদন চলবে ৭ জানুয়ারি পর্যন্ত

