উত্তরকোণ

মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আব্দুর রাজ্জাক (৫০) নামে তাঁর সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামে অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা তাঁকে আটক করেন। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেফালী বেগমকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করে পুলিশ। পরে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে করিষা গ্রামের ইমদাদের পানের বরজ থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার: