উত্তরকোণ

অসময়ের বৃষ্টিতে কৃষকের মাথায় হাত, মাঠে নষ্ট হচ্ছে কাটা ধান

অসময়ের বৃষ্টিতে কৃষকের মাথায় হাত, মাঠে নষ্ট হচ্ছে কাটা ধান

মোকামতলা (বগুড়া) এনামুল হক : বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান, আলুসহ বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে লোকসানের শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে মাঠে কেটে রাখা ধান সময়মতো শুকিয়ে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।রোববার (২২ নভেম্বর) সরেজমিনে বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে মাঠজুড়ে কাঁচা, পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও কাটা ধান সারিবদ্ধভাবে জমিতে বিছিয়ে রাখা হয়েছে, আবার কোথাও স্তূপ করে রাখা হয়েছে ধানের গোছা। টানা বৃষ্টিতে এসব ধান ভিজে গেছে। সময়মতো ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম ও গান্দইল মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কৃষকের কেটে রাখা ধান। অন্যদিকে, সদ্য বপন করা আলুর জমি থেকে পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মোকামতলার গুজিয়া, মধুপুর ও নয়াআনা মাঝপাড়া এলাকাতেও একই চিত্র দেখা গেছে। অসময়ের বৃষ্টিতে ফসলের এমন ক্ষতি ও অনিশ্চয়তায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। মধুপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। ধান পেকে যাওয়ায় কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকাতে পারছি না। এভাবে পড়ে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে ধান ঘরে তুলব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এবার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতেই কিছুটা পানি জমেছে। তিনি আরও বলেন, শনিবার বিভিন্ন মাঠ পরিদর্শন করা হয়েছে। অধিকাংশ জমিতে পানি জমেনি। নিচু কিছু জমিতে পানি আটকে থাকলেও তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। সোমবার আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। রোদ উঠলে ধানের তেমন কোনো সমস্যা হবে না।

শেয়ার: