নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিনদিন ব্যাপী শুরু হয়েছে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা’। শনিবার দুপুরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) শাপলা খাতুন, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, উদ্যোক্তা ও কৃষক সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। আয়োজকরা জানান, মেলায় ৮টি স্টল অংশ নিয়েছে। যেখানে কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, বিভিন্ন ফল, দেশিয় ফলের চারা, ফলের জ্যাম-জেলি-আচার এবং কৃষি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়েছে। এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে। তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য অংশ নিয়েছেন উদ্যোক্তারা।
উত্তরকোণ
নওগাঁয় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

