জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবেন না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বক্তব্য দেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে এ অর্জন এসেছে। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা সব ক্ষেত্রে ন্যায়বিচার, মানুষের মৌলিক অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আচরণ নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি বলেন, জনআকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশা ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। এতে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। সেখানে জুলাই সনদ প্রণীত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হওয়ার কথা ছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের জন্য। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। এভাবে প্রতারণা করে সংকট তৈরি করেছে। জামায়াত আমির বলেন, তারা এ প্রতারণা মেনে নেবেন না, জাতিও মেনে নেবে না। বিএনপিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জনগণের এ দাবি আদায় করে ছাড়বেন তারা। সরকার এ দাবি পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বলছে। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ শতাংশ মানুষও এ বিষয়ে রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত হানছে। এতে মানুষের আস্থার ভিত্তি ধ্বংস হচ্ছে।
উত্তরকোণ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

