উত্তরকোণ

পাবনায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন

পাবনায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে নবনির্মিত এ কসাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জেলার সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়া জাতকরণের লক্ষ্যে এ কসাইখানা নির্মাণ করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এ কসাইখানাটি চালুর মাধ্যমে পাবনায় স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক নগর ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়।

শেয়ার: